ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘বাংলাদেশের মানুষই আওয়ামী লীগকে লকডাউন করে দিয়েছে। আওয়ামী লীগ এখন কার্যত নিষিদ্ধ একটি দল, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়।’ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির ভবনের সামনে আয়োজিত এক প্রতিবাদসভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কায় এ সভার আয়োজন করা হয়।
অ্যাড. সাখাওয়াত হোসেন খান অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ ১৬ বছর ধরে নারায়ণগঞ্জের মানুষকে খুন, গুম ও নির্যাতন করেছে। বাংলাদেশের মানুষকে হত্যা করে তারা বিদেশে পালিয়েছে। শেখ হাসিনা আইন ও বিচারের ভয়েই দেশ ছেড়েছে।’
তিনি বলেন, ‘জনগণ আশা করেছিল শেখ হাসিনা আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হবেন, কিন্তু জুলাই বিপ্লবে দুই হাজার ছাত্র-জনতাকে হত্যার পরও তিনি সহিংসতার পথে হাঁটছেন। আওয়ামী লীগ এখনো আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে বিপদে ফেলতে চায়, কিন্তু জনগণ তাদের সেই চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে।’ সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।