Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ নিয়ে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী - দৈনিক স্বাধীন সংবাদ

জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ নিয়ে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের আলোচিত ইসলামিক বক্তা ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আনোয়ার ইব্রাহিম বলেন, জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়টি দুই দেশের আলোচনায় স্থান পেয়েছে। তবে দুই দেশের স্বার্থ রক্ষায় বিষয়টি গোপন রাখা প্রয়োজন বলে মনে করা হয়েছে। একই সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও জোরদারে বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তবে প্রত্যর্পণের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে তার দেশকে আইনের শাসন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ভারতের প্রত্যর্পণের দাবির বিষয়টি মালয়েশিয়া বুঝতে পারছে। তবে এ বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব—দুটিই বিবেচনায় রাখতে হবে।

জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন। ভারতে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর ২০১৬ সালে তিনি মালয়েশিয়ায় চলে যান। পরে দেশটিতে তিনি স্থায়ী আবাসনের অনুমতি পান।

ভারত দীর্ঘদিন ধরে জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। তবে মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হলে এ বিষয়ে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।

এর আগে পর্যাপ্ত প্রমাণের অভাব দেখিয়ে জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধও ইন্টারপোল গ্রহণ করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাকির নায়েকের বিরুদ্ধে ভারতের অভিযোগ ও তাকে প্রত্যর্পণের দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। অন্যদিকে তার সমর্থকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজনৈতিক কারণে তাকে টার্গেট করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *