চলতি মার্চ ও এপ্রিল মাসে বেশ কয়েকবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভাটা মালিক রফিকুল ইসলামের বিরুদ্ধে তার প্রতিপক্ষের দ্বারা অবৈধভাবে পরিচালিত এবং অবৈধ ও নিবন্ধনহীন ভূয়া ওয়েব পোর্টাল “জাস টিভি ডট নিউজ ডট প্রেস”-এ সম্পূর্ণ মিথ্যা, মানহানিকর, ভূয়া ও বানোয়াট এবং কাল্পনিক কাহিনী সাজিয়ে একের পর এক মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে। এ বিষয়ে রফিকুল ইসলাম এক লিখিত প্রতিবাদ লিপিতে জানান, তিনি, তার ছেলে, ভাই ও ভাইপোসহ দলের নিবেদিত প্রাণ কর্মী সাদ্দাম, সাইফুলের বিরুদ্ধে উক্ত অবৈধ মিডিয়ার মাধ্যমে অনলাইনে প্রচারণা চালানো হচ্ছে, যা দলীয় রাজনীতিতে তার প্রতিপক্ষ ও বিরোধী দলের লোকজন পারস্পরিক যোগসাজশে করছে।
প্রকৃতপক্ষে তার ভাটায় কোনো ধরনের মাদক ব্যবসা বা তার ছেলের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কোনো সুযোগ নেই। এছাড়া সাদ্দামের সাথে ওসির অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বিধায় কুরুচিপূর্ণ এ ধরনের সংবাদ সম্পূর্ণ মিথ্যা।
প্রতিবাদ লিপিতে তিনি দ্যর্থহীন ভাষায় বলেন, তার বৈধভাবে পরিচালিত ইটভাটা ব্যবসা রয়েছে। এছাড়া রায়পুর বাজারে মোহাম্মদ আলীর দোকানে চাঁদা দাবির ভিডিওটি আসলে ২০২৪ সালের ৫ আগস্টের। ওই দিন সারাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে যে হামলা হয়, এটি তারই ধারাবাহিকতা মাত্র। অথচ সেটিকে এখন চাঁদা দাবির মাধ্যমে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে।
উক্ত সংবাদে তার ইটভাটায় মাদক ব্যবসা, তার ছেলের জীবননগরে মাদক ব্যবসার নামে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। এছাড়া দলীয় কর্মী সাদ্দাম ও সাইফুলকে জড়িয়ে যে মিথ্যার বেসাতি ছড়ানো হচ্ছে, বিশেষ করে ওসিকে হুমকি দেওয়ার অভিযোগ—তারও তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ভুক্তভোগী রফিকুল ইসলাম রফিক মিয়া আরও বলেন, তার মতো একজন নিরীহ ও সুবিবেক সম্পন্ন রাজনৈতিক কর্মীর নামে ধারাবাহিকভাবে যে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, তা কখনোই ভালো মানুষের কাজ হতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট মিডিয়া কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি অনতিবিলম্বে এসব ভূয়া তথ্য অপসারণ এবং দুঃখ প্রকাশ না করলে শীঘ্রই উক্ত অবৈধ নিউজ পোর্টালের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এছাড়া তিনি জেলার প্রকৃত সাংবাদিকদের রায়পুরে এসে এ বিষয়ে তদন্ত করে সঠিক সংবাদ প্রকাশের জন্য আমন্ত্রণ জানান।