ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান

স্টাফ রিপোর্টার:

ঝালকাঠির কাঁঠালিয়ায় ইলিশ সম্পদ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ শিকারের সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উদ্ধার করা প্রায় ১২ কেজি ইলিশ স্থানীয় একটি কওমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বলের উপস্থিতিতে জব্দ করা নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, জাতীয় সম্পদ ইলিশের প্রজনন সুরক্ষা এবং অভয়াশ্রম রক্ষায় ঝালকাঠির নদ-নদীতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জালসহ জাটকা ও মা ইলিশ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযান শেষে উদ্ধার করা প্রায় ১২ কেজি ইলিশ স্থানীয় একটি কওমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল বলেন, “ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশ ও জাটকা রক্ষায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং ইলিশের প্রজনন নিরাপদ রাখতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ সময় স্থানীয় মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *