জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ হোসেন চুন্নিরাইট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় জিহাদ। এরপর রাতে আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা সারারাত খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকালে ভৈরবা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের ড্রাগন বাগানের পাশে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।
পুলিশ ও স্বজনদের ধারণা, ড্রাগন বাগানে যাওয়ার সময় সেখানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।
জিহাদের বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘রাতে খাবার খাওয়ার পর বাড়ি থেকে বের হয় আমার ছেলে জিহাদ। সারারাত খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে ভৈরবা গ্রামের একটি ড্রাগন খেতের পাশে তার মৃতদেহ পাওয়া গেছে।’
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ড্রাগন বাগানে দেওয়া বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।