টঙ্গীর যুবদল নেতা গাজী মোশাররফের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাঁর পরিবার

মোঃ মুজাহিদুল ইসলাম:

টঙ্গীতে ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির নির্বাচনী প্রচারণা করার সময় কতিপয় সন্ত্রাসী গাজী মোশাররফকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ সোমবার বিকালে নির্বাচনী প্রচারণা করার সময় সন্ত্রাসীরা হামলা চালায়। এতে গাজী মোশাররফ গুরুতর আহত হন। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাঁর পরিবার।

তাঁর পরিবারের সদস্যরা বলেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই আক্রমণ হত্যার উদ্দেশ্যে করা হয়েছে। গাজী মোশাররফের ওপর ন্যাক্কারজনক বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দের কাছে আবেদন রইল, সঠিক তদন্তের মাধ্যমে যেন দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।

যদি প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ এই হামলাকারীর শাস্তি নিশ্চিত করতে না পারে, তাহলে রাজনীতি গুন্ডা-বদমাশের হাতে চলে যাবে। আর ভালো মানুষগুলো রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গাজী মোশাররফ নিরবে দাঁড়িয়ে ছিলেন। কোনো এক যুবকের চোখের ইশারায় পেছন থেকে মোটা কাঠের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয়। সাথে সাথে গাজী মোশাররফ মাটিতে লুটিয়ে পড়েন এবং মুখ দিয়ে লালা বের হতে থাকে।

একজন মহিলা গাজীর ওপর লুটিয়ে পড়ে তাকে রক্ষার চেষ্টা করেন এবং চিৎকার করে বলতে থাকেন, “তোরা আর মারিস না, আমার মামাকে।”

গাজী মোশাররফের সঙ্গে থাকা অনেকেই পালিয়ে যায়। বাকিরা গাজীকে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ডাক্তার জানান, মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *