টাকা ভাংতি না দেওয়াকে কেন্দ্র করে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়াকে কেন্দ্র করে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এর আগে পেট্রোল বোমা মেরে তার দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর নগরীর চন্ডিপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় মাদকসেবন করতে আসে। একপর্যায়ে তারা টাকা ভাংতি করতে আবদুল বারীর দোকানে যায়। বারী টাকা ভাংতি করে দিতে পারবেন না জানালে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে হাতাহাতির ঘটনাও ঘটে।

এর জের ধরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা নিয়ে সেখানে আসে বলে অভিযোগ। তারা প্রথমে বারীর বাড়ির সামনে থাকা মুদি দোকানের শাটারের তালা ভেঙে ফেলে। পরে পেট্রোল বোমা নিক্ষেপ করে দোকানে আগুন ধরিয়ে দেয়।

দোকানে আগুন দেওয়ার পর আবদুল বারীসহ পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। এ সময় বারীকে পেয়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে বলে অভিযোগ।

হামলাকারীরা চলে যাওয়ার পর গুরুতর আহত বারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ওসি জানান, নিহতের লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। মামলার এজাহার পাওয়ার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *