টানা দুই মাসের আইনশৃঙ্খলা মূল্যায়নে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈদগাঁও থানার শিফাতুল মজুমদার

কামরুল ইসলাম:

কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ টানা দুই মাসের মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ঈদগাঁও থানার ওসি শিফাতুল মজুমদার।

জানা যায়, চলতি বছরের মে ও জুন মাসে জেলার বিভিন্ন থানার কার্যক্রম পর্যালোচনা করে অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং এবং পেশাদার দায়িত্ব পালনে সন্তোষজনক সাফল্যের ভিত্তিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের হাত থেকে বিশেষ স্বীকৃতি ও পুরস্কার গ্রহণ করেন ওসি শিফাতুল মজুমদার। একই সঙ্গে ধারাবাহিক সাফল্যের জন্য ঈদগাঁও থানাকেও জেলার অন্যতম শ্রেষ্ঠ ইউনিট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার এবং জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তুলতে ওসি শিফাতুল মজুমদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে পরিচালিত কার্যক্রমের ধারাবাহিক সফলতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ অর্জনের পেছনে থানার সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টা এবং স্থানীয় জনগণের সহযোগিতার কথাও উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ওসি শিফাতুল মজুমদার সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা আরও সুদৃঢ় করবেন।

টানা দুই মাসের এই স্বীকৃতি শুধু ঈদগাঁও থানার জন্যই নয়, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের জন্যও অনুপ্রেরণার মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *