আন্তর্জাতিক ডেস্ক:
তাইফুন সাউদেলের প্রভাবে প্রবল বর্ষণে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের পুতিয়ান শহরে মুলান নদীর একটি বাঁধ ভেঙে গেছে। এতে শহরের বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে যায় এবং বহু মানুষ নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর থেকে ফুজিয়ানের চেংজিয়াং এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাত অব্যাহত থাকায় স্থানীয় সময় বিকেল ৪টার দিকে মুলান নদীর বাঁধ ভেঙে বিপুল পরিমাণ পানি পুতিয়ান শহরে ঢুকে পড়ে।
আকস্মিক এ বন্যায় শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি শতাধিক বাড়িঘর পুরোপুরি ভেঙে পড়েছে। শুক্রবার পুতিয়ান শহরের এক প্রশাসনিক কর্মকর্তা চীনের সরকারি বার্তাসংস্থা সিনহুয়াকে জানান, বন্যায় বহু মানুষ নিখোঁজ হয়েছেন। তবে নিখোঁজের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে ১ হাজার ২৬০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের ৩০টি সরকারি দুর্যোগ আশ্রয়শিবিরে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
শনিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। ফুজিয়ান প্রদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুতিয়ান ও আশপাশের এলাকায় আরও অন্তত চারদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধান ও বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।