ট্রাইবেকারে ধর্মপুর একাদশ চ্যাম্পিয়ন, ইয়ং স্টার ফুটবল একাডেমীর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

শামীম হোসেন শিকদার:

বান্দরবান সদর উপজেলা সুয়ালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ইয়ং স্টার ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত ‘গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমজমাট ও টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ধর্মপুর ফুটবল একাদশ। ফাইনালে তারা তাকরিম একাদশকে ট্রাইবেকারে পরাজিত করে।

আজ নির্ধারিত সময়ের খেলায় ধর্মপুর ফুটবল একাদশ ও তাকরিম একাদশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে। উভয় দলই একাধিক আক্রমণ ও পাল্টা আক্রমণ চালালেও নির্ধারিত সময়ে কোনো দলই জয়ের মুখ দেখতে পায়নি। ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। স্নায়ুচাপের সেই লড়াইয়ে লক্ষ্যভেদ করে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসে ধর্মপুর একাদশ।

খেলা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া আহ্বায়ক জনাব চনুমং মারমা। ইয়ং ক্লাবের আয়োজিত খেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিপ্লব রায় চৌধুরী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য জনাব সরোয়ার জামাল, সাতকানিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব শহিদুল ইসলাম বাবর, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন সিকদার, বান্দরবান সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ইলিয়াস, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোরশেদ বিন ওমর, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অংস্লা মারমাসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে জনাব চনুমং মারমা বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ইয়ং স্টার ফুটবল একাডেমীর এই আয়োজন স্থানীয় ফুটবল অঙ্গনে নতুন জোয়ার সৃষ্টি করেছে।” বিশেষ অতিথিরাও তাদের বক্তব্যে বিজয়ী ধর্মপুর একাদশকে অভিনন্দন জানান এবং রানার্সআপ তাকরিম একাদশের খেলোয়াড়দের নৈপুণ্যের প্রশংসা করেন।

স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উপস্থিতির মধ্য দিয়ে উক্ত টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *