ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইতোমধ্যে ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।

বিজিবি সূত্রে জানানো হয়, সাধারণ টহলের পাশাপাশি নির্বাচনি এলাকার গুরুত্বপূর্ণ স্থান ও প্রবেশপথে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিরাপত্তা কার্যক্রমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

নিরাপত্তা কার্যক্রমে ড্রোন ক্যামেরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শরীরে সংযুক্ত বডি-ওর্ন ক্যামেরা এবং বিশেষ প্রশিক্ষিত ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। এসব ব্যবস্থার মাধ্যমে নির্বাচনি এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমানসহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও বিজিবির প্রস্তুতির মাধ্যমে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *