ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন জমা

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির দুই নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তাঁরা মনোনয়নপত্র জমা দেন।

তাঁরা হলেন—রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। তবে বিএনপির পক্ষ থেকে শেষ পর্যন্ত একজনকেই দলীয় প্রার্থী হিসেবে রাখা হবে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন মির্জা ফয়সল আমিন। পরে জেলা বিএনপি কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি নেতা-কর্মীদের কাছে দোয়া চান। একপর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

দুপুর সোয়া ১২টার দিকে নেতা-কর্মীরা তাঁকে সঙ্গে নিয়ে হেঁটে জেলা নির্বাচন কার্যালয়ে যান। সেখানে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফয়সল আমিন।

মনোনয়ন জমা দিয়ে মির্জা ফয়সল আমিন বলেন, ‘আমরা ঠাকুরগাঁওকে সুন্দর ও বাসযোগ্য জনপদ হিসেবে দেখতে চাই। এখানে মানুষ শান্তিতে বসবাস করবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সেই স্বপ্ন দেখি। এই স্বপ্নপূরণে যে কাজ করা দরকার, আমি সেই কাজ করতে চাই।’

বিএনপির দুই নেতার মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটা আমাদের দলীয় সিদ্ধান্ত।’ শেষ পর্যন্ত কে প্রার্থী হচ্ছেন—এমন প্রশ্নের জবাবে ফয়সল আমিন বলেন, ‘এটা জানতে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

এদিকে বেলা ১টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন ওবায়দুল্লাহ মাসুদ। তিনি বলেন, দল দুজনকেই মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরে দলের পক্ষ থেকে যাঁর নামে চিঠি দেওয়া হবে, তিনিই দলীয় প্রার্থী হবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ হবে ২৯ অক্টোবর।

আসনটিতে বিএনপির দুই নেতা ছাড়াও ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *