ডেঙ্গু প্রতিরোধে ঘর ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান ডিসি ফরিদার

অনলাইন ডেস্ক:

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। তিনি বলেছেন, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই হাসপাতাল থেকে নয়, শুরু করতে হবে ঘর ও আশপাশের পরিবেশ থেকেই।

শনিবার রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জেলা প্রশাসন, ঢাকার উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসন-২-এর সংসদ সদস্য শিরীন সুলতানা ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক।

বিভাগীয় কমিশনার বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসতে হবে।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি এডিস মশার প্রজননস্থল হতে পারে। তাই প্রতিদিন কয়েক মিনিট সময় নিয়ে ঘর ও আশপাশে পানি জমে আছে কি না, তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, এক দিনের পরিচ্ছন্নতা অভিযান দিয়ে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। পরিচ্ছন্নতাকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। এ কাজে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও সাধারণ নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

শিক্ষার্থীদের উদ্দেশে ডিসি ফরিদা বলেন, ‘তোমরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তোমরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করবে।’

আলোচনা সভা শেষে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে স্কুলসংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *