ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

মোহাম্মদ হোসেন হ্যাপী:

ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার বংশবিস্তার রোধ এবং পরিবেশের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে বিশেষ সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর, গুদারাঘাট এবং বিভিন্ন হাটবাজারে একযোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এ অভিযানের আওতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন, খাল, জলাশয় ও জনসমাগমস্থলের ময়লা-আবর্জনা অপসারণ করে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

এদিকে, এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তক্কার মাঠ থেকে নন্দলালপুর পর্যন্ত খাল সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। খালের পানিপ্রবাহ সচল করা এবং স্তূপীকৃত ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে স্থানীয় পরিবেশের উন্নয়নে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পাশাপাশি ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রকোপ প্রতিরোধে উপজেলার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে ব্যাপক জনসচেতনতা ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। প্রত্যেকে যদি নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখেন, কোথাও পানি জমতে না দেন এবং পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করেন, তবেই এডিস মশার প্রজননস্থল সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব।

জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন এবং একটি ডেঙ্গুমুক্ত উপজেলা গড়ে তুলতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এই সমন্বিত ও বহুমাত্রিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *