নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর স্বনামধন্য আবাসন ব্যবসায়ী এবং ‘ভিভো বিল্ডার্স লিমিটেড’ (VIVO Builders Ltd.)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জুয়েল মুন্সির বিরুদ্ধে সম্প্রতি একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করছে বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করা এবং চলমান উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যেই এই অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর ৯৩ নিউ সার্কুলার রোড, মালিবাগে অবস্থিত ‘লিলি প্লাজা মার্কেট’ ডেভেলপমেন্টের বিষয়ে জমির মালিক মোসলেমা আক্তার মির্জার সাথে ‘ভিভো বিল্ডার্স লিমিটেড’-এর একটি বৈধ ও রেজিস্ট্রিকৃত দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়। চুক্তির শর্তানুযায়ী এবং প্রচলিত আইন মেনেই প্রতিষ্ঠানটি শুরু থেকে অত্যন্ত স্বচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। সাইনিং মানি বাবদ চেক প্রদান ও আর্থিক লেনদেনের বিষয়টি সম্পূর্ণ ব্যাংকিং চ্যানেল ও চুক্তির নিয়ম মেনেই করা হয়েছে, যা লিখিত নথিপত্রে সংরক্ষিত রয়েছে।
ভিভো বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. জুয়েল মুন্সি জানান, “আমরা দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে আবাসন খাতে ব্যবসা পরিচালনা করে আসছি। গ্রাহক ও জমির মালিকদের স্বার্থ রক্ষাই আমাদের প্রধান লক্ষ্য। মালিবাগের ওই প্রকল্পটি নিয়ে একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় জমির মালিক পক্ষ বিভ্রান্ত হয়ে চুক্তির শর্ত ভঙ্গের চেষ্টা করছেন এবং আমাদের বিরুদ্ধে কাল্পনিক ও মানহানিকর অভিযোগ তুলছেন।”
রাজনৈতিক প্রভাব খাটানো, সন্ত্রাসী বাহিনী ব্যবহার কিংবা অবৈধ নির্মাণের অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, জুয়েল মুন্সি কখনোই কোনো রাজনৈতিক দলের ক্ষমতার অপব্যবহার করেননি। বরং তিনি একজন পেশাদার ব্যবসায়ী হিসেবে রাজউক এবং সরকারের সকল নিয়ম-কানুন মেনেই প্রতিটি প্রকল্প বাস্তবায়ন করছেন। এছাড়া তাঁর বিরুদ্ধে আনা ব্যক্তিগত ও নৈতিক চরিত্রহননমূলক অভিযোগগুলোকে চরম মিথ্যাচার ও মানহানিকর হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা জানান, জুয়েল মুন্সি এলাকায় একজন সজ্জন ও সমাজসেবক ব্যক্তি হিসেবে পরিচিত। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর নিয়মিত অবদান রয়েছে। তাঁর ক্রমবর্ধমান ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ফায়দা লোটার চেষ্টা করছে।
ইতিমধ্যে এ ধরনের মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে ভিভো বিল্ডার্স লিমিটেড সূত্রে জানা গেছে। পাশাপাশি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন যেকোনো তথ্য প্রকাশের আগে প্রকৃত নথিপত্র যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা হয়।