নুরুজ্জামান সাউস:
অসামান্য কর্মদক্ষতা ও উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিস্বরূপ ঢাকা জেলা পুলিশের সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভায় টানা দ্বিতীয়বারের মতো পুরস্কৃত হয়েছেন কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের তৈলঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল মামুন।
২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৭টায় মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার শামীমা পারভীন। এরপর সকাল ৯টায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুবাস চন্দ্র সাহা কিট প্যারেড পরিদর্শন করেন।
সকাল ১০টায় মিল ব্যারাক কনভেনশন হলে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা শুনে সেগুলো সমাধানের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সেপ্টেম্বর মাসে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিস্বরূপ কর্মকর্তা ও ফোর্সের সদস্যদের আর্থিক পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া পুলিশ সুপার আসন্ন দুর্গাপূজার দায়িত্ব পালনকারী সবার জন্য বিশেষ আর্থিক পুরস্কার ঘোষণা করেন।
অনুষ্ঠানে ঢাকা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা, সব থানা ও ইউনিটের প্রধানসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।