নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হওয়ায় দেশটিতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি তারো আসো। বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে সহযোগিতাও চেয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টায় জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তারো আসো। তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
সাক্ষাৎকালে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অব্যাহত অবদানের জন্য তারো আসোকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় ২০০৬ সালে জাপান সফরের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। সে সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারো আসোর সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তারো আসোর সাক্ষাতের বিষয়টিও স্মরণ করেন।
জাপান-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গ তুলে তারো আসো বলেন, বাংলাদেশের জনগণের একটি বড় অংশ তরুণ। বর্তমানে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হওয়ায় বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী।
বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা ও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে এ সাক্ষাৎ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।