Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ত্রিশালের কানিহারীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ - দৈনিক স্বাধীন সংবাদ

ত্রিশালের কানিহারীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৪ নম্বর কানিহারী ইউনিয়নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণে অনিয়ম, অসদাচরণ ও উপকারভোগীদের হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সরেজমিন তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীরা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কানিহারী ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণের দায়িত্বে থাকা হিয়া স্টোর-এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন উপকারভোগীরা। তাদের অভিযোগ, পণ্য নিতে গেলে দীর্ঘ সময় লাইনে দাঁড় করিয়ে রাখা, অসদাচরণ করা এবং কোনো কোনো ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের চেয়ে কম পণ্য দেওয়ার ঘটনা ঘটছে।

এ ছাড়া টিসিবির পণ্য বিতরণের তারিখ জানতে মোবাইল ফোনে যোগাযোগ করলে উপকারভোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। অভিযোগকারীদের দাবি, নান্দাইল উপজেলা মৎস্য অফিসের কর্মচারী আব্দুল্লাহ আল মামুন পলাশ উপকারভোগীদের কার্ড নিজের কাছে রেখে দেওয়া, পণ্য ও কার্ড ফেরত না দেওয়া এবং কার্ডের ছবি তুলে রাখার মতো কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগে আরও বলা হয়, নির্ধারিত সময়ে টিসিবির পণ্য না পাওয়ায় অনেক উপকারভোগী ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে বাড়ি ফিরেছেন। ডিলারের নিজস্ব দোকানে নিয়মিত পণ্য বিতরণ না করে এক-দুই দিন অস্থায়ীভাবে পণ্য বিতরণের অভিযোগও রয়েছে।

উপকারভোগীদের দাবি, নিয়ম অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পণ্য বিতরণের কথা থাকলেও কোনো কোনো দিন দুপুর ২টার দিকে পণ্য এনে অল্প সময়ের মধ্যে বিতরণ করে চলে যাওয়া হয়। এমনকি রাতের আঁধারে টিসিবির পণ্য অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগও করেছেন ৭ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ ঘটনায় ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে সরেজমিন তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি ভর্তুকির পণ্য বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করে উপকারভোগীদের হয়রানিমুক্তভাবে পণ্য পাওয়ার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তারা।

অভিযোগকারীরা জানান, বিষয়টি কানিহারী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হলে তিনি ডিলারকে নিয়ম মেনে পণ্য বিতরণ এবং উপকারভোগীদের হয়রানি না করার নির্দেশ দেন। তবে তাদের দাবি, এরপরও পরিস্থিতির পুরোপুরি উন্নতি হয়নি।

এ বিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

উপকারভোগীদের প্রত্যাশা, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে টিসিবির পণ্য বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *