আবু সায়েদ:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দেখা গেছে। দলীয় চেয়ারম্যান মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় ছয় চেয়ারম্যান প্রার্থীকে একই ফ্রেমে দেখা যায়।
চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম মাস্টার, আব্দুল হাকিম মাস্টার, মোহাম্মদ আলী মোল্লা, জাকির হোসেন আকাশ, আবু তাহের স্বপন ও মো. শওকত মোল্লা মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অবস্থান করেন। এ সময় তারা নির্বাচনের মাঠে দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ইউনিয়নের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রার্থীরা জানান, দল যাকে সমর্থন দেবে, দলীয় সিদ্ধান্ত মেনে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে দক্ষিণ চরবংশী ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই তাদের লক্ষ্য।
এ সময় তারা দক্ষিণ চরবংশী ইউনিয়নকে কিশোর গ্যাং, মাদকাসক্তি ও অবৈধ দখলমুক্ত করার পাশাপাশি শিক্ষা, যোগাযোগব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
চেয়ারম্যান প্রার্থীদের এমন ঐক্যের বার্তাকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকবে এবং নির্বাচনের পরও ইউনিয়নের উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করবেন।