দাউদকান্দি থানায় আটক কিশোরদের নিয়ে উত্তেজনা, ১৭ জন পালানোর অভিযোগ

জেলা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় আটক ২৮ কিশোরের মধ্যে ১৭ জন দরজা ভেঙে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় থানার ভেতরে ভাঙচুর ও তাণ্ডব চালানোরও অভিযোগ করা হয়েছে। তবে এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে পুলিশ। এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দাউদকান্দি মডেল থানায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভিডিও ফুটেজ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বুধবার দিনভর দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৮ জনকে আটক করে পুলিশ। পরে তাদের থানার একটি বিশেষ কক্ষে রাখা হয়।

রাতে ওই কক্ষে থাকা কিশোরদের কয়েকজন হঠাৎ দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে বলে অভিযোগ রয়েছে। এ সময় কক্ষের ভেতরে থাকা কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। পরে আটক ২৮ জনের মধ্যে ১৭ জন পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রের দাবি।

এদিকে আটক কিশোরদের অভিভাবকদের দাবি, তাদের অধিকাংশের বিরুদ্ধে পুলিশের অপরাধ-সংক্রান্ত রেকর্ড খাতায় কোনো অভিযোগ নেই। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিকেল থেকেই আটক কিশোরদের স্বজন ও স্থানীয় লোকজন দাউদকান্দি মডেল থানার প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে সেখানে হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

তবে থানায় তাণ্ডব বা ১৭ কিশোর পালিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।

তিনি বলেন, ‘তেমন কিছু হয়নি। অপ্রয়োজনে ঘোরাফেরার কারণে সন্দেহভাজন হিসেবে ২৮ জনকে আটক করায় তাদের স্বজনরা একসঙ্গে থানায় এলে কিছুটা ভিড় হয়। রাত সাড়ে ১০টার দিকে ২২ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ছয়জনের যাচাই-বাছাই চলছে।’

প্রসঙ্গত, বুধবার কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করে জেলা পুলিশ। জেলার ১৮টি থানায় একযোগে পরিচালিত এ অভিযানে মোট ৬২৪ কিশোরকে আটক করা হয়। এর মধ্যে দাউদকান্দির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করে থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *