দুই দশক পর গিজার পিরামিডে ফিরছেন শাকিরা, ২৮ নভেম্বর মাতাবেন মঞ্চ

বিনোদন ডেস্ক:

প্রায় দুই দশকের বিরতি শেষে আবারও মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডে কনসার্ট করতে যাচ্ছেন বিশ্বখ্যাত লাতিন পপ তারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর বিশ্বের অন্যতম ঐতিহাসিক ও দর্শনীয় এই স্থানে সুরের জাদু ছড়াবেন তিনি। এর আগে ২০০৭ সালে একই ভেন্যুতে স্মরণীয় এক পরিবেশনা উপহার দিয়েছিলেন এই কলম্বিয়ান সুপারস্টার।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিনোদন প্রতিষ্ঠান ভেঞ্চার লাইফস্টাইল-এর আয়োজনে অনুষ্ঠিত হবে এই মেগা কনসার্ট। এর আগে প্রতিষ্ঠানটি জেনিফার লোপেজ, জন লিজেন্ড, কেটি পেরি এবং ডেমি লোভাটোর মতো আন্তর্জাতিক তারকাদের মধ্যপ্রাচ্যে এনে সফল কনসার্ট আয়োজন করেছে।

বর্তমানে শাকিরা তার নতুন অ্যালবাম এবং বিশ্বজুড়ে আলোচিত ‘Las Mujeres Ya No Lloran’ বিশ্ব সফর নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে রাজত্ব করা এই শিল্পী বিশ্বব্যাপী ৯৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন। তার ক্যারিয়ারে রয়েছে একাধিক গ্র্যামিলাতিন গ্র্যামি পুরস্কারের অর্জন।

সম্প্রতি ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাকলিস্টেও জায়গা করে নিয়েছে তার নতুন গান ‘Dai Dai’, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গিজার পিরামিডে ফের পারফর্ম করতে যাওয়াকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাকিরাও। এক বিবৃতিতে তিনি বলেন, “মিশরের গিজার পিরামিডে আবারও পারফর্ম করতে পেরে আমি ভীষণ আনন্দিত। আপনাদের সবাইকে অনেক ভালোবাসি।”

বিশ্বখ্যাত এই পপ তারকার প্রত্যাবর্তনকে ঘিরে ইতোমধ্যেই মিশরের সংগীতপ্রেমীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, গিজার পিরামিডে শাকিরার এই কনসার্ট চলতি বছরের অন্যতম আলোচিত সংগীত আয়োজন হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *