দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

অনলাইন ডেস্ক:

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাবও দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক জরুরি প্রেসবার্তায় এসব প্রস্তাব দেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

সংগঠনটির অভিযোগ, জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে যাত্রীদের প্রতিনিধিত্ব না রেখে মালিকদের সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো বাস ও লঞ্চ মালিকদের সঙ্গে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করলেও যাত্রী প্রতিনিধিদের মতামত নেওয়া হচ্ছে না বলে দাবি তাদের।

যাত্রী কল্যাণ সমিতির দাবি, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে পরিবহন মালিকদের পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং কত পয়সা ভাড়া বাড়ালে সেই ব্যয় সমন্বয় হবে—এ বিষয়ে কোনো স্বচ্ছ হিসাব জনগণের সামনে প্রকাশ করা হয় না।

সংগঠনটি আরও অভিযোগ করে, বিগত সরকারের সময় থেকেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুবিধা পরিবহন মালিকদের একচেটিয়াভাবে দেওয়ার প্রবণতা রয়েছে। ভাড়া নির্ধারণে মালিক সমিতি ও সরকারের মধ্যে বৈঠক হলেও পরে সেটিকে সব অংশীজনের সম্মিলিত সিদ্ধান্ত হিসেবে প্রচার করা হয় বলেও দাবি সংগঠনটির।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, জনস্বার্থে ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং ভুক্তভোগী যাত্রীদের প্রতিনিধিদেরও আলোচনায় রাখতে হবে।

এ অবস্থায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা এবং লঞ্চে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *