মাসুদুর রহমান:
ঢাকা জেলা মহিলা দলের সভাপতি স্বামীমা রাহিম শিলা ও সাধারণ সম্পাদক সুলতানা খন্দকারকে অবাঞ্ছিত ঘোষণা করে গত ৩০ তারিখ ঘোষিত বিভিন্ন ইউনিটের মহিলা দলের কমিটির ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ধামরাই থানা মহিলা দলের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ধামরাই প্রেসক্লাব, থানা রোডে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা ধামরাই থানা মহিলা দলের ঘোষিত কমিটি বয়কটের ঘোষণা দেন। এ সময় বক্তব্য রাখেন কৃষক দলের মহিলা সম্পাদক রাজিয়া সুলতানা। তিনি অভিযোগ করেন, তার কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ নেওয়া হলেও তাকে প্রতিশ্রুতি অনুযায়ী ধামরাই থানা মহিলা দলের সভাপতি পদে রাখার কথা ছিল, কিন্তু তা রাখা হয়নি। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা দাবি করেন, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন না করে বিতর্কিতভাবে কমিটি গঠন করা হয়েছে। তারা এই কমিটি প্রত্যাখ্যান করে নতুন করে গ্রহণযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ায় কমিটি গঠনের আহ্বান জানান।