ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাই উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিনের কাছে দলীয় পদ পাওয়াকে কেন্দ্র করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম আলীর বিরুদ্ধে। এ ঘটনায় রুস্তম আলীসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ফরিদা ইয়াসমিন।
রবিবার (২০ সেপ্টেম্বর) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা সিআর মামলা নং-৬৯৯/২০২৬ বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেন বাদিনী ফরিদা ইয়াসমিন।
মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম আলীকে। অন্য আসামিরা হলেন—মামনুর রশিদ, মেরিনা আক্তার বিনা, আয়েশা আক্তার ডলি এবং একটি মোবাইল নম্বর ব্যবহারকারীসহ অজ্ঞাতনামা আরও ১১ থেকে ১২ জন।
মামলার অভিযোগে বলা হয়েছে, উপজেলা মহিলা দলের সভাপতির পদ পাওয়াকে কেন্দ্র করে এইচ এম রুস্তম আলী ফরিদা ইয়াসমিনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হয়রানি, মিথ্যা মামলায় ফাঁসানো এবং দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ২ জুলাই বানেশ্বর ব্রিজের পাশে রুস্তম আলীসহ কয়েকজন ব্যক্তি ফরিদা ইয়াসমিনের গতিরোধ করেন। এ সময় তার কাছে চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি, মিথ্যা মামলায় ফাঁসানো এবং দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৩ আগস্ট রাতে ফরিদা ইয়াসমিনকে ফোন করে এক ব্যক্তি নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে হুমকি দেন। পরে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে তার বাড়িতে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পরিচয়পত্র দেখাতে না পেরে সেখান থেকে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
বাদী ফরিদা ইয়াসমিন বলেন, দলীয় পদ পাওয়ার পর থেকেই আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে। আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। টাকা না দেওয়ায় আমাকে হুমকি, হয়রানি ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আমি আদালতের আশ্রয় নিয়েছি। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও আমাকে নিয়ে অপপ্রচার চালানো হয়েছে।
অভিযোগের বিষয়ে সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম আলী বলেন, শুনেছি আমার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তবে মামলায় যেসব অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার রাজনৈতিক সম্মান নষ্ট করে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্যই এমন মিথ্যা তথ্যে মামলা করা হয়েছে বলে আমি মনে করি।