ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে বড় নালাই সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই স্বপ্নপুরী খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় হৃদয় একাদশ, সাটুরিয়া ও বেলীশ্বর একাদশ, ধামরাই। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে হৃদয় একাদশ, সাটুরিয়া ১-০ গোলে বেলীশ্বর একাদশকে পরাজিত করে।
খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা আশার ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা। এ সময় বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক। তারা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পুরো ম্যাচ উপভোগ করেন।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।