বদলগাছি থানা প্রতিনিধি
মঙ্গলবার (১৬ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন এবং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু।
সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম প্রকৌশলী রঞ্জন কুমার সরকার সম্প্রতি জারি করা গণসচেতনতামূলক বিজ্ঞপ্তির বিভিন্ন দিক তুলে ধরেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেইন লাইনের খোলা তারে হুকিং করে বিদ্যুৎ ব্যবহার, অবৈধভাবে ব্যাটারি চার্জ, সেচ কাজ, নির্মাণকাজ কিংবা গৃহস্থালির কাজে বিদ্যুৎ ব্যবহার সম্পূর্ণ বেআইনি। একইসঙ্গে ট্রান্সফরমার, মিটার ও বৈদ্যুতিক তার চুরির ঘটনায় কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়।
এসময় বক্তারা বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহার শুধু রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিই করছে না, বরং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে জনজীবনকেও হুমকির মুখে ফেলছে। বিদ্যুৎ চুরি ও সরঞ্জামাদি নষ্টের কারণে সাধারণ গ্রাহকদের সেবা ব্যাহত হচ্ছে এবং সরকার বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনগণের সহযোগিতা ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয়। সবাইকে আইন মেনে বৈধ উপায়ে বিদ্যুৎ ব্যবহার করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, বিদ্যুৎ চুরি ও সরঞ্জাম চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি বা চক্রকে ছাড় দেওয়া হবে না।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, বিদ্যুৎ সেবা সুরক্ষায় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভা শেষে অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরি প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে প্রশাসন, পল্লী বিদ্যুৎ বিভাগ এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।