নড়াইলে তর্কাতর্কির জেরে ছুরিকাঘাত, নিহত ১

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কি ও ধস্তাধস্তির একপর্যায়ে দুই ব্যক্তিকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এতে মানসুর মোল্লা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নূর ইসলাম (৩৫) নামে আরেক ব্যক্তি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কালিয়া উপজেলার পেড়লি ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মানসুর মোল্লা কদমতলা গ্রামের বাসিন্দা। তিনি দিনমজুরের কাজ করতেন। আহত নূর ইসলামও একই গ্রামের বাসিন্দা। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হাসিব মোল্লার (২২) বাড়িও একই গ্রামে।

পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত শুক্রবার স্থানীয় ইউপি সদস্য কাছেদ মোল্লার সঙ্গে হাসিবের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। এর জেরে শনিবার রাতে স্থানীয় একটি দোকানে হাসিবকে দেখতে পেয়ে ইউপি সদস্যের চাচাতো ভাই মানসুর দোকানের শাটার আটকে দেন। পরে তিনি হাসিবের কাছে ইউপি সদস্যকে অপদস্থ করার কারণ জানতে চান।

এ সময় মানসুর ও হাসিবের মধ্যে তর্কাতর্কি ও ধস্তাধস্তি হয় বলে জানা গেছে। একপর্যায়ে হাসিব ছুরি দিয়ে নূর ইসলামকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে মানসুরকেও ছুরিকাঘাত করে তিনি পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই মানসুরের মৃত্যু হয়।

পরে আহত নূর ইসলাম স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রকিবুল হাসান বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত হাসিবকে গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *