তরঙ্গ শক্তি মহড়ায় ভারতে ৬ মার্কিন এফ-৩৫, সঙ্গে দুই শতাধিক সেনা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬’-এ অংশ নিতে রাজস্থানের যোধপুরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ছয়টি এফ-৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমান। এসব যুদ্ধবিমানের সঙ্গে দুই শতাধিক মার্কিন বিমানসেনাও ভারতে এসেছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গোর জানান, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দুই শতাধিক সেনা এবং পঞ্চম প্রজন্মের ছয়টি এফ-৩৫ লাইটনিং ২ ফাইটার জেট মহড়ায় অংশ নিতে যোধপুরে পৌঁছেছে।

তিনি বলেন, ভারতীয় বিমান বাহিনীর কোনো মহড়ায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এবারই প্রথম অংশ নিচ্ছে। নতুন এ যুদ্ধবিমানগুলোরও এ মহড়ার মাধ্যমে অভিষেক হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

‘তরঙ্গ শক্তি’ ভারতীয় বিমান বাহিনীর উদ্যোগে আয়োজিত একটি বহুজাতিক বার্ষিক মহড়া। ২০২৪ সালে প্রথমবার এ মহড়ার আয়োজন করা হয়। ২০২৫ সালে মহড়াটি অনুষ্ঠিত হয়নি। চলতি ২০২৬ সালে দ্বিতীয়বারের মতো এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার যোধপুর বিমান ঘাঁটিতে শুরু হওয়া মহড়াটি আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে। যুক্তরাষ্ট্রসহ ৪০টি দেশ এতে অংশ নিচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীও সি-১৩০জে যুদ্ধবিমান নিয়ে মহড়ায় যোগ দিয়েছে।

মার্কিন বিমান বাহিনীর এফ-৩৫ লাইটনিং ২ স্টেলথ প্রযুক্তির পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। এটি একাধিক ক্ষেত্রে কার্যক্রম পরিচালনায় সক্ষম। এর সক্ষমতার মধ্যে রয়েছে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও আদান-প্রদান। এর মাধ্যমে আকাশ, স্থল, সমুদ্র, মহাকাশ ও সাইবারভিত্তিক কার্যক্রমের মধ্যে সংযোগ স্থাপন করা যায়।

এবারের মহড়ার অন্যতম আকর্ষণ এফ-৩৫ লাইটনিং ২। এ ছাড়া ফ্রান্সের রাফাল, ভারতের নিজস্ব প্রযুক্তির তেজস এবং সুখোই-৩০ এমকেআইয়ের মতো যুদ্ধবিমানও মহড়ায় অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *