নড়াগাতীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

কালিয়া প্রতিনিধি:

নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া এলাকায় দুই পিস ইয়াবাসহ অনিক মোল্লা (২৩) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে যোগানিয়া গ্রামের আব্দুর রহিম শেখ (দবির) এর বাড়ি থেকে খেয়াঘাটের দিকে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে অনিককে আটক করে তার পরিচয় জানতে চান। পরে তার দেহ তল্লাশি করে পকেট থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

খবর পেয়ে নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে অনিককে থানায় নিয়ে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত অনিক মোল্লা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কুসুমদী গ্রামের শাজাহান মোল্লার ছেলে।

এদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, আব্দুর রহিম শেখ (দবির) এর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তির মাধ্যমে এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের মতো কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে। তবে এ অভিযোগের বিষয়ে বাড়ির মালিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে। সচেতন মহলও মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন।

উল্লেখ্য, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে দীর্ঘদিন ধরে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়ে আসছেন। তিনি মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *