নবীনদের পদচারণায় মুখর ঢাকা কলেজ, শুরু একাদশ শ্রেণির ক্লাস

ঢাকা কলেজ প্রতিবেদক:

ঢাকা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। প্রথম দিন ক্লাসের পাশাপাশি নবীন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা কলেজ প্রাঙ্গণে এ ক্লাস ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে নবীন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন শিক্ষার্থীদের কলেজের পরিবেশ ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রথম দিনের ক্লাস নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নবীন শিক্ষার্থীরা। একাদশ শ্রেণির শিক্ষার্থী সিয়াম বলেন, সকালে প্রথমে কলেজে আসার পর ক্লাসে গিয়েছি। শিক্ষকদের বক্তব্য শুনেছি। আগে থেকেই ঢাকা কলেজ সম্পর্কে জানতাম। এটি একটি সুপরিচিত কলেজ এবং প্রতিষ্ঠানটির গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। এখানে ভর্তি হতে পেরে ভালো লাগছে।

তিনি আরও বলেন, আশা করি ঢাকা কলেজ কর্তৃপক্ষ ভালো সুযোগ-সুবিধা দেবে। কলেজে ভালো পাঠ কার্যক্রমের পাশাপাশি ক্লাব ও সহশিক্ষা কার্যক্রম রয়েছে। ভবিষ্যতে তিনি মেডিকেলে পড়তে চান।

নবীন শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, দিনটি খুব ভালো কেটেছে। নতুন অনেকের সঙ্গে পরিচয় হয়েছে এবং শিক্ষকদের সঙ্গেও দেখা হয়েছে। অনেকে সহযোগিতা করেছেন। প্রথম দিকে কিছুটা ভয় লাগলেও আগে থেকেই ইচ্ছা ছিল একাদশ শ্রেণিতে ঢাকা কলেজে পড়ার। ভর্তি হতে পেরে এখন খুব আনন্দ লাগছে।

প্রথম দিন ছেলেকে কলেজে নিয়ে আসা অভিভাবক শংকর রায় বলেন, আজই প্রথম ঢাকা কলেজে এসেছি। কলেজের পরিবেশ দেখে সন্তোষজনক মনে হয়েছে। ছেলেকে এখানে ভর্তি করাতে পেরে ভালো লাগছে। তারা বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে এসেছেন। ঢাকা কলেজকে ঘিরে তাদের প্রত্যাশা অনেক। ছেলে ভালোভাবে লেখাপড়া করে ভালো ফল করবে এবং ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ে পদার্পণ করবে—এটাই তাদের প্রত্যাশা।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজ যাদের বরণ করে নেওয়া হচ্ছে, তারা এই শিক্ষাঙ্গণের মেধাবী শিক্ষার্থী। নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই তারা এখানে ভর্তি হয়েছে। মেধা ও মননশীলতার চর্চার মাধ্যমে শিক্ষকদের তত্ত্বাবধানে নিজেদের জীবন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, মা-বাবা যে স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষা নিয়ে সন্তানদের ঢাকা কলেজে পাঠিয়েছেন, সেই স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের সবসময় সচেষ্ট থাকতে হবে। শিক্ষা জীবনের এই যাত্রা সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য কলেজ কর্তৃপক্ষ তাদের নিবিড় তত্ত্বাবধানে রাখার চেষ্টা করে।

অধ্যক্ষ আরও বলেন, ঢাকা কলেজ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে যারা কীর্তি ও কর্মের স্বাক্ষর রেখেছেন, তাদের জীবন থেকে শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। কোথায় যেতে চায়, সেটি এখন থেকেই ঠিক করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নবীন শিক্ষার্থীরা আগামী দিনে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে এবং তাদের জন্য কলেজ কর্তৃপক্ষের সব প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের অনেক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ২০২৮ সালে ভর্তি হওয়া ১ হাজার ২৫০ শিক্ষার্থীই জিপিএ-৫ অর্জনের প্রত্যয় নিয়ে সুশৃঙ্খলভাবে শিক্ষা জীবন এগিয়ে নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *