আমির হোসেন:
সামাজিক বৈষম্য দূরীকরণ, নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ এবং সামাজিক পরিবর্তনে তরুণ-তরুণীদের কার্যকর ভূমিকা নিয়েও আলোচনা হয়।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। তারুণ্যের নলছিটি যুব সংগঠনের আয়োজনে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় পরিচালিত ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
তারুণ্যের নলছিটি যুব সংগঠনের সভাপতি খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে সংলাপ সঞ্চালনা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাত।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা মাধ্যমিক কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন, নলছিটি থানার সেকেন্ড অফিসার সুফল সরকার, ভলান্টিয়ার্স অব নলছিটির আহ্বায়ক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) নলছিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত আলম ফকির, বাংলাদেশ জামায়াতে ইসলামী নলছিটি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক মনির ইউ জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি শাহজালাল হোসাইন জিহাদী।
এ ছাড়া সরকারি নলছিটি ডিগ্রি কলেজের শিক্ষক জামাল হোসাইন, উপজেলা পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক মনিরুজ্জামান, জুলফিকার আলী ভুট্টো ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক রুবেল হোসেন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি আঃ মান্নান, জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত উদ্যোক্তা ও রেনেসা যুব সামাজিক সংঘের সভাপতি আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাণের টানে রক্তদান, রাইট টক বাংলাদেশ, ইস্কুল ম্যাগাজিন, তারুণ্যের নলছিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকেরাও অংশ নেন।
সংলাপে বক্তারা মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, নারী-পুরুষের সম্পর্ক নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা ও সামাজিক কুসংস্কার দূর করা এবং নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি অনলাইন নিরাপত্তা, গণমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং সামাজিক সমস্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও তরুণদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল বলেন, মাদক ও কিশোর গ্যাং সমাজের জন্য একটি ব্যাধি। এসব সমস্যা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি নারীর অধিকার ও মর্যাদা সুরক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, নারীদের পিছিয়ে পড়া রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। নারীর অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে এ ধরনের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনায় নারী-পুরুষের সম্পর্ক নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা, জেন্ডার স্টেরিওটাইপ ও সামাজিক কুসংস্কারের প্রভাব এবং এসব মোকাবিলায় সমন্বিত উদ্যোগের বিষয়গুলো তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের সচেতন ও সংবেদনশীল করার পাশাপাশি আলোচনার শেষ পর্যায়ে সবার অংশগ্রহণে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করা হয়।
আয়োজকেরা জানান, তরুণ-তরুণীদের নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে বিদ্যমান সমস্যা সমাধানে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করাই এ সংলাপের মূল লক্ষ্য। এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত যুব নেতৃত্বাধীন সংগঠনগুলো স্থানীয় পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারীদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ পেয়েছে, যা সামাজিক বৈষম্য কমানো ও নেতিবাচক ধারণা মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছেন তাঁরা।