Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নাটোরে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ৮ জন গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

নাটোরে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ৮ জন গ্রেপ্তার

জেলা প্রতিনিধি:

নাটোরের লালপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে পরিবহনের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত ছয়টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার মঞ্জিলপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৮ আগস্ট) গ্রেপ্তারদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের মো. মুন্না (২৬), মো. বকুল ইসলাম (৩৫), মো. সজল (২৬), মো. রিফাত (২২), মো. কলিন্স (২২) ও মো. জিসান (২৩)। অন্য দুজন হলেন লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ভুইয়াপাড়া এলাকার মো. সাকিব (২২) ও তার বাবা মো. খেজের আলী (৫৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে লালপুর থানা পুলিশের একটি দল মঞ্জিলপুকুর এলাকায় অভিযান চালায়। এ সময় বটতলা মোড় থেকে ফসলি জমির মাটি বোঝাই কয়েকটি ড্রাম ট্রাকের চালক ও সহযোগীসহ আটজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে মাটিভর্তি ছয়টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

এ ঘটনায় শুক্রবার লালপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় একটি মামলা করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ফসলি জমির উপরিভাগের মাটি কাটা ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *