নান্দাইলে পথ হারিয়ে নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, হাসপাতালে ভর্তি

মোঃ মানিক:

ময়মনসিংহের নান্দাইলে পথ হারিয়ে এক নারী (২৮) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

শনিবার সরেজমিনে উপজেলার রাজগাতী ইউনিয়নের গাতীপাড়া গ্রামে গিয়ে জানা যায়, গত সোমবার ওই নারী নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথ ভুলে তিনি নান্দাইল চৌরাস্তা এলাকায় পৌঁছালে সন্ধ্যার দিকে কয়েকজন ব্যক্তি তাকে শ্বশুরবাড়িতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখায়।

অভিযোগ অনুযায়ী, পরে তারা ওই নারীকে তাড়াইল সড়কের শিমুলতলা এলাকার একটি নির্জন বিলে নিয়ে গিয়ে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে আরও দুইজন তাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে পুনরায় ধর্ষণ করে এবং নির্যাতিত অবস্থায় ফেলে রেখে যায়।

স্থানীয় এক ইজিবাইক চালক জানান, ঘটনার দিন রাতে তিনি ওই নারীকে তার শিশু সন্তানসহ কান্নারত অবস্থায় রাস্তায় দেখতে পান। জিজ্ঞাসাবাদ করলে নারীটি তার ওপর সংঘটিত নির্যাতনের কথা জানান। তিনি আরও জানান, ঘটনার সময় শিশুটি কাঁদতে থাকলে দুর্বৃত্তরা তাকে আঘাত করে, ফলে শিশুটিও আহত হয়।

পরবর্তীতে ইজিবাইক চালক ওই নারীকে তার বাড়িতে নিয়ে গিয়ে আশ্রয় দেন। তবে অভিযোগ রয়েছে, ওই রাতে স্থানীয় এক ব্যক্তি তাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর বাধার মুখে তা ব্যর্থ হয়। এছাড়া ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির পক্ষ থেকে আশ্রয়দাতাকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ নির্যাতিতা নারীকে তার শিশুসহ উদ্ধার করে নান্দাইল সদর হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *