নুরুজ্জামান সাউদ:
নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) অনন্ত অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার ফ্যাব্রিক্স গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই, ২০২৬) ভোররাতে লাগা এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্র ও শ্রমিকদের দাবি, আজ ভোর ৪টা ১০ মিনিটের দিকে কারখানার ফ্যাব্রিক্স গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। গুদামে থাকা কেমিক্যাল থেকে আগুনের ভয়াবহতা দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করছেন তারা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। পরবর্তীতে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পার্শ্ববর্তী স্টেশনগুলো থেকেও ইউনিট যোগ দেয়। দীর্ঘ প্রচেষ্টার পর বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া।
প্রাথমিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পাশাপাশি ডাম্পিংয়ের কাজ চলছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার ফ্যাব্রিক্স গুদামে থাকা কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।