সূর্য আহমেদ মিঠুন:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’-এর আওতায় সোনারগাঁও উপজেলায় একটি স্পটে ১৯ হাজার ৩২০ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির ২৫ হাজার গাছের চারা নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের উদ্যোগে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তথ্যসূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই ২০২৬) সোনারগাঁয়ে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সবুজ, দূষণমুক্ত ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পারব। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগায় এবং তার পরিচর্যা করে, তাহলে আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাধ্যমে এই বার্তা প্রতিটি পরিবারে পৌঁছে দিতে হবে। জেলা প্রশাসন এ কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা এখান থেকে চারা নিয়ে বাড়ি ও বিদ্যালয়ে রোপণ করবে এবং গাছটি বেড়ে ওঠার জন্য যত্ন ও পরিচর্যা করবে—এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
বিতরণকৃত চারার মধ্যে ছিল ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছ। পরিশেষে অনুষ্ঠানে শিক্ষার্থীরা চারা হাতে পেয়ে নিজ নিজ বিদ্যালয় ও বাড়ির আঙিনায় তা রোপণের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।