মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে মাদক, কিশোর অপরাধ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
সভায় বক্তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি মাদক ব্যবসা ও মাদকসেবন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমনে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে সরকারি সব দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত তদারকি বাড়ানোর পাশাপাশি জনগণের কাছে সরকারি সেবা আরও সহজ ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় জেলার বিভিন্ন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভা শেষে জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।