মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকাল থেকে রাত পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনা এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান-এর প্রত্যক্ষ নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এম সার্কেস এলাকা ও চাষাড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বিকাল আনুমানিক সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৬টা পর্যন্ত চলা অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে ৬ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মনির হোসেন (৪৮), মোঃ বজলু (৪৫), মোঃ আফজাল মিস্ত্রী (৪৫), মেহেদী দর্জি (৩৪), খোরশেদ আলম অপু (৩৬) ও মোঃ সোহেল সরকার (৩৫)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় মামলা রয়েছে। আসামি মেহেদী দর্জির বিরুদ্ধে চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় দুটি এবং সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। এছাড়া খোরশেদ আলম অপুর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ও চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রতিরোধ এবং সংগঠনটির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে বলেও জানানো হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি গোপনে সংগঠিত হয়ে বিভিন্ন ধরনের অপতৎপরতায় জড়িত ছিল বলে অভিযোগ ছিল। পুলিশের সাম্প্রতিক এই অভিযানের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও তদন্ত চলছে এবং সংগঠনটির অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান জোরদার করা হয়েছে।