নারায়ণগঞ্জে বিদ্যুৎ সাশ্রয় কমিটির সভা, অপচয় রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

বিদ্যুতের সুষ্ঠু ও কার্যকর ব্যবহার নিশ্চিত, অপচয় রোধ এবং জেলার বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। এছাড়া জেলা পুলিশের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সরকারি-বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়, অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় রোধ এবং বিদ্যুৎ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “বিদ্যুৎ দেশের মূল্যবান সম্পদ। বর্তমান সময়ে জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয় করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। সরকারি অফিস-আদালত থেকে শুরু করে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে বিদ্যুতের অপচয় কোনোভাবেই বরদাশত করা হবে না। সবাইকে সচেতন হতে হবে এবং বিদ্যুতের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে কঠোর মনিটরিং ব্যবস্থা চালু রাখতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় জেলার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানো এবং বিদ্যুৎ অপচয়কারীদের বিরুদ্ধে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে নজরদারি এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *