নারায়ণগঞ্জে মোবাইল কোর্টে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ডাইং কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন এলাকায় অবৈধভাবে বায়ুদূষণ ও পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে একটি ডাইং কারখানাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় বুধবার এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা, র‌্যাব এবং পুলিশের একটি দল।

অভিযানকালে ফতুল্লা ইউনিয়নের বিভিন্ন ডাইং কারখানা পরিদর্শন করা হয়। পরিদর্শনে নাস ফিনিশিং ডাইং কোম্পানিতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর সুস্পষ্ট লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন, শিল্পকারখানার কারণে নারায়ণগঞ্জের বায়ু ও পানিদূষণ দীর্ঘদিনের সমস্যা। সরকারের নির্দেশনা অনুযায়ী দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই পরিবেশবিরোধী কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, ফতুল্লা ও আশপাশের এলাকায় আরও কয়েকটি ডাইং কারখানাকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে তারা বিধিমালা না মানলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে ডাইং কারখানার কালো ধোঁয়া ও দুর্গন্ধের অভিযোগ করে আসছিলেন। আজকের অভিযানে প্রশাসনের কঠোর অবস্থানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, নদী ও বায়ুদূষণ রোধে নারায়ণগঞ্জে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *