মোহাম্মদ হোসেন হ্যাপী:
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাবেক মহানগর যুবদলের নেতাকর্মীদের নিয়ে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
বুধবার (১৫ জুলাই) নারায়ণগঞ্জ মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নিম, আম, কাঁঠাল ও পেয়ারার চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সঙ্গে সাবেক যুবদল নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানা, ২৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মোমেন মিয়া, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আল-আমিন, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা সাবেক যুবদল নেতাকর্মীরা নারায়ণগঞ্জ মহানগরীর প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ করব। আমরা কাঠ বা সৌন্দর্যবর্ধনকারী গাছের পরিবর্তে পরিবেশবান্ধব নিম ও ফলজ বৃক্ষ রোপণ করছি, যাতে পরিবেশ, মানুষ এবং পশুপাখি উপকৃত হয়।
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরবের আরাফার ময়দানে নিমগাছ রোপণের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বৃক্ষরোপণ ও দোয়া শেষে অসুস্থ সাবেক যুবদল নেতা কাইয়ুম হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাড়িতে যান নেতাকর্মীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন নুরুল্লাহ খন্দকার, রানা মুন্সী, মুসা মিয়া, মো. মিঠু, রাসেল আহাম্মেদ মনির, নুরুল আলম, কামরুল ইসলাম, আক্তার হোসেন জাহিদ, মনির, মহিউদ্দিন, কুতুবউদ্দিন, জসিম, মো. জামাল হোসেন, ওসমান গনি, ইসলাম মিয়া, মাহফুজুর রহমান বিল্লাল, গাজী খোকন, জুলহাস, মিজান, নীরব, রিয়াদসহ অন্যান্য নেতাকর্মীরা।