নারায়ণগঞ্জে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’

মোহাম্মদ হোসেন হ্যাপী:

জনবান্ধব, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নারায়ণগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে। মেলার মূল লক্ষ্য ভূমিসেবা ডিজিটালাইজেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের কোনো প্রকার ঝামেলা ছাড়াই দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করা।

রবিবার (১৭ মে) সকাল ৯টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মেলার প্রথম দিন ১৯ মে সকালে খানপুর হাসপাতাল সংলগ্ন উপজেলা ভূমি কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। এতে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেবেন। একই দিন সকাল সাড়ে ১০টায় ঢাকার ভূমি ভবনে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করবেন। এরপর নারায়ণগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে জেলা পর্যায়ের মেলা প্রাঙ্গণ থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে স্থানীয়ভাবে মেলার আনুষ্ঠানিক সূচনা করা হবে।

ভূমিসেবা মেলা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ মে শিক্ষার্থীদের জন্য ভূমি বিষয়ক বিশেষ কুইজ প্রতিযোগিতা, ১৯ মে মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর সচেতনতামূলক কার্যক্রম এবং ২০ মে “Automated Land Management System: The Changes, Development and Way Forward” শীর্ষক সেমিনার, যেখানে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

মেলা প্রাঙ্গণে আগত নাগরিকরা তাৎক্ষণিকভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি আবেদন, ক্ষতিপূরণের চেক বিতরণ, খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপ সহায়তা এবং অনলাইন ডিসিআরসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া ই-নামজারি, ডিসিআর, খতিয়ান প্রাপ্তি, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং কল সেন্টার ১৬১২২ ব্যবহারের বিষয়ে জনগণকে ধারণা দেওয়া হবে। দর্শনার্থীদের মাঝে ‘ভূমি আমার ঠিকানা’ নামের তথ্যবহুল বুকলেট বিতরণ করা হবে।

প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, স্বচ্ছ, সহজ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে এই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষও যেন প্রযুক্তিনির্ভর ভূমিসেবার সুফল পান সে লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করছে। বর্তমানে নারায়ণগঞ্জে ৫টি উপজেলা ভূমি অফিস, ৪টি রাজস্ব সার্কেল ও ৯টি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সর্বসাধারণকে মেলায় অংশগ্রহণে উৎসাহিত করতে মসজিদ-মন্দিরে প্রচারণা, লিফলেট বিতরণ, ব্যানার প্রদর্শন ও মাইকিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। জেলা প্রশাসন নারায়ণগঞ্জের সকল নাগরিককে মেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *