নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’-এর আওতায় আয়োজিত পাঁচ দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণের প্রথম ও দ্বিতীয় ব্যাচের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাশরুম চাষের বিভিন্ন আধুনিক পদ্ধতি ও সম্ভাবনা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রশিক্ষণার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, বর্তমান সময়ে তরুণদের দক্ষ করে গড়ে তোলা এবং তাদের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে এমন টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে, যা একই সঙ্গে পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে লাভজনক। মাশরুম চাষ তেমনই একটি সম্ভাবনাময় খাত। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান শুধু সনদের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। এর মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। জলবায়ু সহনশীল ও টেকসই উদ্যোগ গ্রহণে জেলা প্রশাসনের পক্ষ থেকে তরুণদের সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজ মাশরুম চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে জানতে পারছে, যা তাদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও দক্ষতা উন্নয়নমূলক এবং জলবায়ু সহনশীল বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও প্রশাসনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক এবং মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণের প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। সনদ ও পুরস্কার গ্রহণ করে প্রশিক্ষণার্থীরা জেলা ও উপজেলা প্রশাসনের এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যতে বাণিজ্যিক ভিত্তিতে মাশরুম চাষ শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *