মোহাম্মদ হোসেন হ্যাপী:
যুব সমাজকে আত্মকর্মী ও দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় যুব সংগঠক, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত তরুণ, ইয়ুথ কাউন্সিলের সদস্য, আত্মকর্মী ও যুব উদ্যোক্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) উপজেলা পল্লী উন্নয়ন ভবনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. ইয়াসির আরাফাত রুবেল এবং যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক হাসিনা মমতাজ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “বেকারত্ব দূরীকরণ ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে যুবসমাজই সবচেয়ে বড় শক্তি। সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ, ঋণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। যারা নিজ উদ্যোগে কিছু করতে চায়, প্রশাসন তাদের পাশে রয়েছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুবরা অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি।”
বিশেষ অতিথির বক্তব্যে উপ-পরিচালক হাসিনা মমতাজ যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় পরিচালিত বিভিন্ন ট্রেডে বিনামূল্যে প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ এবং ইয়ুথ কাউন্সিলের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও ব্যবসা পরিকল্পনা তৈরিতে অধিদপ্তরের সহযোগিতা গ্রহণের আহ্বান জানান।
উপজেলা প্রকৌশলী মো. ইয়াসির আরাফাত রুবেল যুব উদ্যোক্তাদের স্থানীয় অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী যুব সংগঠক ও উদ্যোক্তারা ব্যবসা শুরুতে মূলধনের সংকট, পণ্যের বাজারজাতকরণে জটিলতা এবং দক্ষ জনবলের অভাবের বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি সহজ শর্তে ঋণপ্রাপ্তি, উদ্যোক্তাদের জন্য প্রদর্শনী মেলার আয়োজন এবং নিয়মিত মেন্টরিং কার্যক্রম চালুর দাবি জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া বলেন, উপজেলার যুবকদের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও অর্থায়নের উদ্যোগ আরও জোরদার করা হবে। ইয়ুথ কাউন্সিলের সদস্যদের সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ের তরুণদের কর্মসংস্থানমুখী কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সভায় নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত তরুণ, ইয়ুথ কাউন্সিলের সদস্য এবং নতুন উদ্যোক্তারা অংশ নেন।