মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করে সুস্থ জীবনে ফেরার অঙ্গীকার করেছেন মো. নাহিদ সরকার ওরফে জান্নাতুল নাঈম (৫৩) নামের এক মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় তিনি সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হালিমের কাছে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে মুচলেকা প্রদান করেন।
মুচলেকা সূত্রে জানা যায়, নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের নলুয়া এলাকার মৃত মো. সিদ্দিকুর রহমানের ছেলে নাহিদ সরকার দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও গত প্রায় দুই বছর ধরে এ ধরনের কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি বর্তমানে সামাজিকভাবে বসবাস করছেন এবং তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর আদালতে নিয়মিত হাজিরা দিচ্ছেন।
মুচলেকায় তিনি অঙ্গীকার করেন, ভবিষ্যতে কোনো ধরনের মাদক ব্যবসা, মাদক সেবন কিংবা আইনবিরোধী কার্যকলাপে জড়িত থাকবেন না। একই সঙ্গে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া যায়, তবে আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে পারবে—এ মর্মে সম্মতিও প্রদান করেন তিনি।
আত্মসমর্পণের পর নাহিদ সরকার গণমাধ্যমকে জানান, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চান। ভবিষ্যতে আর কোনো অপরাধের সঙ্গে যুক্ত না হওয়ার প্রতিশ্রুতি দিয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।