নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুন ২০২৬ ভোর ৪টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চর সৈয়দপুর এলাকার লাইলী পাগলীর মাজারের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ১. মো. সিহাদ (২৭), পিতা: জাকির আলম, মাতা: শাহানাজ বেগম। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে তাওলাদ মেম্বারের ভাগিনা হিসেবে পরিচিত। ২. রিয়াদ (২৬), পিতা: শাহজাহান, মাতা: ময়না বেগম। তিনিও চর সৈয়দপুর এলাকার বাসিন্দা এবং তাওলাদ মেম্বারের বাড়ির পাশের বাসিন্দা বলে জানা গেছে।

অভিযানকালে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছোরা এবং লুণ্ঠিত অর্থের মধ্যে নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, ছিনতাই, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *