মোঃআনজার শাহ :-
কুমিল্লা বিমানবন্দর সংলগ্ন ১৩টি গ্রামের দীর্ঘদিনের ভূমি বিরোধের স্থায়ী সমাধানের দাবিতে আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন শত শত ভুক্তভোগী এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে এগারোটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এই উত্তাল কর্মসূচি পালিত হয়। অবরোধের ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে প্রায় ১৮ মিনিট পর অবরোধ প্রত্যাহার করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মাঠে নামলেন ১৩ গ্রামের ক্ষুব্ধ মানুষ,
সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে দশটা থেকেই পদুয়ার বাজার বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকায় একে একে জমায়েত হতে শুরু করেন ১৩টি গ্রামের শত শত ক্ষুব্ধ বাসিন্দা। নারী, পুরুষ ও বৃদ্ধ সকলে মিলে প্রথমে সুশৃঙ্খলভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর হতাশা থেকে মানববন্ধন শেষে তারা মহাসড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। মুহূর্তের মধ্যে থমকে দাঁড়ায় দেশের ব্যস্ততম এই সড়কের যান চলাচল।
বঞ্চনার দীর্ঘ ইতিহাস, সমাধানের কোনো আলো নেই,
আন্দোলনকারীদের অভিযোগ, কুমিল্লা বিমানবন্দর সংলগ্ন এলাকার ভূমির প্রকৃত মালিকানা, খাজনা ও কর আদায় এবং ঐতিহ্যগত চলাচলের রাস্তা ব্যবহারের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের বিরোধ চলে আসছে। এ বিষয়ে একাধিকবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও প্রতিবারই প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থেকেছে সমাধান। বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এবার রাজপথে নামতে বাধ্য হয়েছেন ভুক্তভোগীরা।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতা এস এ বারী সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, বিএনপি নেতা মাহবুব মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিজ ভূমিতে পরবাসীর জীবন আর মানা যাচ্ছে না,
‘নিজ ঘরে পরবাসী’ নামক সামাজিক সংগঠনের সভাপতি আশিক চৌধুরী ক্ষোভ ও বেদনামিশ্রিত কণ্ঠে বলেন,”আমরা নিজ ভূমিতে অনেকটা পরাধীন অবস্থায় আছি। আমরা ১৩টি গ্রামের মানুষ ভূমি সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান চাই।”
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, প্রশাসন দিল আশ্বাস,
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম বলেন,”দাবি আদায়ে আন্দোলনকারীরা মহাসড়কের পাশে মানববন্ধন করেন। পরে তারা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।”
কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “অবরোধের বিষয়টি জেনেছি। সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
সমাধান না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি,
ভুক্তভোগী বাসিন্দারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, শুধু আশ্বাস আর প্রতিশ্রুতিতে আর ভরসা নেই। দীর্ঘদিনের এই ভূমি বিরোধের দ্রুত ও কার্যকর সমাধান না হলে আন্দোলন আরও বৃহত্তর ও শক্তিশালী আকার ধারণ করবে। প্রশাসনের কাছে তাদের একটাই দাবি, কথার ফুলঝুরি নয়, চাই দৃশ্যমান পদক্ষেপ এবং নিজ ভূমিতে ন্যায্য অধিকারের স্থায়ী নিশ্চয়তা।