নিরাপত্তার আশ্বাসে ছয় দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু

জেলা প্রতিনিধি:

প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর আশ্বাসে ছয় দিন বন্ধ থাকার পর বান্দরবান-থানচি সড়কে আবারও বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে বান্দরবান বাসস্টেশন থেকে দুটি যাত্রীবাহী বাস থানচির উদ্দেশে ছেড়ে গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিপুল অঙ্কের চাঁদা দাবির অভিযোগ তুলে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি। এতে ওই সড়কে যাতায়াতকারী যাত্রী ও পর্যটকদের ভোগান্তিতে পড়তে হয়।

বাস মালিক সমিতি জানায়, স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার আশ্বাস দেওয়ায় পরিবহন শ্রমিকরা আবারও বাস চালাতে সম্মত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

বান্দরবান-থানচি-রুমা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম জানান, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস এবং পর্যটকদের স্বার্থ বিবেচনায় নিয়ে কিছুটা ঝুঁকি সত্ত্বেও তাঁরা থানচি সড়কে বাস চালাতে রাজি হয়েছেন।

এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, জনভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সার্বিক নিরাপত্তার মাধ্যমে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *