মনিরুল ইসলাম:
নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে এসব কর্মকাণ্ড করে কোনো লাভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আড়াইহাজার উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব। বিভিন্ন ইউনিয়ন, পৌর বিএনপি ও আড়াইহাজার উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলে দলে সমাবেশে যোগ দিলে এটি জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশ শেষে নজরুল ইসলাম আজাদ এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে বের হয়ে পৌর বাজার প্রদক্ষিণ করে আড়াইহাজার চৌরাস্তা পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, যুগ্ম সম্পাদক ভিপি কবির হোসেন, পৌর বিএনপির সভাপতি মাহমুদউল্লাহ লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহাম্মেদ ডালিমসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।