নৌবাহিনীর অভিযান: ৩০ কোটি টাকার মাদক উদ্ধার, বিদেশি পিস্তলসহ আটক ১

মোহাম্মদ হোসেন সুমন:

বাংলাদেশের সর্বদক্ষিণের সীমান্ত উপজেলা কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১ লাখ পিস ইয়াবা এবং দুটি বিদেশি পিস্তল। অভিযানে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নুরুল কবির নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

অভিযানের বিবরণে জানা গেছে, ৪ মে ২০২৬ তারিখ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট টেকনাফ এই বিশেষ অভিযান পরিচালনা করে। টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের আলীখালী এলাকার একটি ইটভাটা ও এর আশপাশে ভোর ৫টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে ইটভাটার নিচে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মাদক ও অস্ত্রগুলো উদ্ধার করেন নৌবাহিনীর সদস্যরা।

উদ্ধারকৃত মালামাল ও বাজারমূল্য
নৌবাহিনী সূত্রে জানানো হয়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—

  • ক্রিস্টাল মেথ (আইস): ৫ কেজি (আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা)
  • ইয়াবা: ১,০০,০০০ পিস (আনুমানিক মূল্য ৫ কোটি টাকা)
  • ২টি বিদেশি পিস্তল
  • ২টি ম্যাগাজিন
  • ৪ রাউন্ড তাজা গুলি

অভিযানে আটক নুরুল কবিরের বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে বলে জানা গেছে। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মালামালসহ আটক আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নৌবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং মাদক ও অস্ত্র চোরাচালান রোধে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা আপসহীন। উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *