পটিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে বিএনপি ও যুবদলের নেতারা

আবুল মাছুম:

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মানবিক সহায়তার অংশ হিসেবে দুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় নেতারা বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ বন ও মৎস্যবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন আহমেদ, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য মাহাবুর রহমান এবং শোভনদণ্ডী ইউনিয়ন বিএনপির সাবেক অর্থসম্পাদক নাজিম উদ্দীন মিয়া।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার ১৯ (ক) শোভনদণ্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী মো. নাজিম উদ্দীন মিয়া। তিনি ত্রাণ কার্যক্রমের বিভিন্ন দিক তদারকি করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, লবণ, চিড়া, মুড়িসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া পরিবারের প্রয়োজন বিবেচনায় এসব সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। সংকটের এই সময়ে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে। তারা আরও বলেন, যতদিন পর্যন্ত দুর্গত মানুষের দুর্ভোগ পুরোপুরি না কাটবে, ততদিন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বন্যার কারণে অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে। এমন সময়ে এই সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *